শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম তখন অনেকেই তাকে বলতেন অসময়ে নীরব, সময়ে সরব এর নাম আসম আব্দুর রব। অবশ্য তিনি ছাত্রলীগও করেছেন। উনি এখন সরব হচ্ছেন, খুবই ভালো কথা।’
বিমসটেক সম্মেলনে যোগ দিয়ে ফিরে আসার পর রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। বিকাল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
গত শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এতে যোগ দিতে গত বৃহস্পতিবার কাঠমান্ডু গিয়েছিলেন তিনি। ওই দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মুক্তবাণিজ্য অঞ্চল সৃষ্টি, বিনিয়োগ ও জ্বালানি খাতে যৌথ প্রচেষ্টা, জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থায়ন প্রক্রিয়া গড়ে তোলার মাধ্যমে বিমসটেক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।