ছাত্রলীগ হাল ধরলে নিরক্ষরতা দূর করতে সময় লাগবে না: স্বরাষ্ট্রমন্ত্রী





received_327900157786019

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ছাত্রলীগকে সারাদেশে নিরক্ষরতা দূর করার দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রলীগ হাল ধরলে বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করতে বেশি সময় লাগবে না।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তামিলনাড়ুর শতভাগ মানুষ শিক্ষিত। আমাদের দেশে এত সম্পদ রয়েছে। যদি ছাত্রলীগ হাল ধরে তবে আমি মনে করি, যথার্থভাবে টার্গেটেড সময়ের মধ্যেই তারা ঘোষণা করবে, বাংলাদেশে কোনও নিরক্ষরতা নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০১ সালে আমরা যখন ক্ষমতা ছাড়ি তখন বাংলাদেশে সাক্ষরতার হার ছিল ৬০ শতাংশ। ২০০৯ সালে এসে যখন ক্ষমতা গ্রহণ করি তখন এই হার হয় ৪০-৪১ শতাংশ। এই ধরনের ইতিহাস কোনও রাষ্ট্রে হয়েছে কিনা, আমার জানা নেই। আমরা চার হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ রেখে গেলাম, এসে পেলাম তিন হাজার ২০০ মেগাওয়াট। আমরা চালে ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম, পরবর্তীতে আমরা দেখলাম লাখ লাখ টন খাদ্য ঘাটতি। ২০০৮ সালে নেতৃত্ব গ্রহণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি যথার্থভাবেই তার ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছেন।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালায় এমন সাতজন ও বিশ্ববিদ্যালয়ের চারজন হল ক্যান্টিনবয়ের হাতে বই তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।