৪০তম বিসিএস'র বিজ্ঞপ্তির আগেই কোটা সংস্কার প্রজ্ঞাপন দাবি

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনসরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ৪০তম বিসিএস এর বিজ্ঞপ্তি হওয়ার  আগেই জারি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তারা পাঁচ দফার আলোকে দ্রুত সময়ের মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবি করেন।

এসময় আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে- ভিত্তিহীন, মিথ্যা ও হয়রানি মূলক সব মামলা প্রত্যাহার; হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে প্রজ্ঞাপন দেওয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্র সমাজকে রাজপথে নেমে প্রজ্ঞাপন আদায়ের দিকে ধাবিত করবেন না বলে আশা করি। তবে সরকারের অনাগ্রহ ও উদাসিনতা যদি প্রজ্ঞাপন জারি আটকে রাখে, তবে ছাত্র সমাজ রাজপথে নেমেই দাবি আদায় করতে বাধ্য হবে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দীর্ঘ পাঁচ মাস পার হলেও আজ পর্যন্ত কোটা সংস্কারের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন জারি না হওয়ায় ছাত্র সমাজ হতাশ ও বিক্ষুব্ধ।’

আরও পড়ুন- জারি হচ্ছে ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি