ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ১১তম বোর্ড সভায় বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসড়কে শৃঙ্খলা ফেরাতে সংসদে সড়ক পরিবহন আইন উঠছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগামী ১৬ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হবে। ওই দিন মন্ত্রী হিসেবে আইনটি আমি সংসদে পেশ করবো। পরে এটি স্ট্যান্ডিং কমিটি হয়ে সংসদের শেষ অধিবেশনে পাস হবে।’ বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ১১তম বোর্ড সভায় তিনি এসব কথা বলেন।
ঢাকা দক্ষিণ নগর ভবনে অবস্থিত কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো আমাদের দেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সংবিধানের বাইরে বিদেশি চাপের কাছে আমরা নতিস্বীকার করবো না।’
সভায় রাজউক চেয়ারম্যান আবদুর রহমান, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।