সোমবার ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
‘রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুশাসন ও শুদ্ধাচার’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের দেশে তত্ত্বাবধায়ক প্রক্রিয়াটি গ্রহণ হয়েছিল। তা সাংবিধানিকভাবে বাতিল করা হয়েছে। এখন বাস্তবতা মেনে সাংবিধানিকভাবে যেভাবে বৈধ নির্বাচন করা সম্ভব সেভাবে করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে সংসদীয় গণতন্ত্র বিরাজ করছে সেখানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিরল। যদিও আমাদের দৃষ্টান্ত অনুসরণে কোনও কোনও দেশ তত্ত্বাবধায়ক সরকার চালুর চেষ্টা করছে।’
গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় উল্লেখ করে তিনি বলেন, ‘মোটা দাগে সবদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা সেই সংস্কৃতিতে যেতে চাই। কিন্তু এটা অবশ্যই মানতে হয়, আস্থাহীনতার যে কথাটি বলা হয় তা বাস্তব। এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা আশা করতে পারি, নির্বাচনে যারা অংশগ্রহণকারী দল তাদের সবার মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি শ্রদ্ধা থাকবে। সেই শ্রদ্ধা বোধ থেকেই সবার জন্য সমান সুযোগ তৈরি করতে দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা থাকলে তা সম্ভব।’
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? এমন প্রশ্নে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এই সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে তার কোনোটাই গ্রহণযোগ্য হয়নি তা বলা যাবে না। কোনও কোনও স্থানীয় নির্বাচন সম্পূর্ণ গ্রহণযোগ্য হয়েছে। বিতর্কের ঊর্ধ্বে হয়েছে। কী পরিপ্রেক্ষিতে এই গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তা বিশ্লেষণ করা প্রয়োজন। সেই নির্বাচনে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট সেই নির্বাচনে তারা চেয়েছিল বলেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তার অর্থ এই নয় দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। দেশের অনেক মানুষের মধ্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আস্থাহীনতার সংকট রয়েছে। যদি পরিবেশ নিশ্চিত করা যায়, সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রাজনৈতিক দলগুলো পালন করে এবং আমরা সাধারণ মানুষ যদি সেই ভূমিকা পালন করে পরিবেশ নিশ্চিত করতে পারি তাহলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমি মনে করি।’
গবেষণায় নির্বাচনে ইশতেহারে মাধ্যমে অঙ্গীকার ও পরবর্তীতে নির্বাচিত হতে পারলে তা বাস্তবায় সম্পর্কে আলোচনা করা হয়েছে।