ইভিএম মেশিন কেনার প্রকল্প একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক-এর বৈঠক (ছবি- ফোকাস বাংলা)জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দেড় লাখ সেট ইভিএম মেশিন কেনার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৫ কোটি টাকা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী জানান, মঙ্গলবার একনেক সভায় মোট ১৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এজন্য মোট ব্যয় হবে ১২ হাজার ৫৪৪ কোটি টাকা। সদ্যসমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ৮৬ শতাংশ।