সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তথ্যমন্ত্রী স্বাক্ষরিত চিঠি সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলামের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে তথ্যমন্ত্রী আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১২টায় সম্পাদক পরিষদ ও একইদিন বেলা ৩টায় সাংবাদিক সংগঠনগুলোর নেতাদের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে আগামীকাল বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সম্পাদক পরিষদের ডাকা মানববন্ধন কর্মসূচি স্থগিত করারও অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

চিঠিতে তথ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ ও বিবৃতি তথ্য মন্ত্রণালয় গভীর মনোযোগের সঙ্গে গ্রহণ করেছে। গণমাধ্যমের স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ ও তথ্য অধিকারের প্রতি সরকারের আন্তরিকতা ও শ্রদ্ধা সমুন্নত রেখে বিষয়টির দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে এই বৈঠকের একান্ত প্রয়োজন ও আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তথ্যমন্ত্রী চিঠিতে বলেন, আগামী রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনমন্ত্রী আনিসুল হক, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার ও প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ তিনি পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হতে আগ্রহী।

সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে বসার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুচিঠির শেষাংশে সম্পাদক পরিষদের ডাকা আগামী শনিবারের (২৯ সেপ্টেম্বর) মানববন্ধন কর্মসূচি স্থগিত রাখার জন্য আন্তরিক অনুরোধ জানান হাসানুল হক ইনু। একইসঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের রবিবার বিকাল ৩টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসার আহ্বান জানানো হয়।

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রীর হাসানুল হক ইনুর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।  তবে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তথ্যমন্ত্রীর চিঠি পেয়েছি। আমরা ওই বৈঠকে অংশগ্রহণ করবো। কারণ, সাংবাদিকরা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের স্টেক হোল্ডার। যেহেতু সাংবাদিকদের আপত্তিসমূহ তথ্যমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সমাধানের উদ্যোগ নিয়েছেন, সেহেতু আমরা এই উদ্যোগের সঙ্গে একমত।’

এদিকে, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম দেশের বাইরে রয়েছেন। তবে সম্পাদক পরিষদের সদস্য বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবসময় আলাপ-আলোচনার ভিত্তিতে সমাস্যা সমাধানের কথা বলে এসেছি। যেহেতু মন্ত্রী সাংবাদিকদের আপত্তির ধারাগুলো নিয়ে আলোচনার জন্য ডেকেছেন, তাই আমরা তার ডাকে সাড়া দেবো।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিতের বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) বসে সিদ্ধান্ত নেবো।’

অন্যদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তথ্যমন্ত্রীর চিঠি পেয়েছি। আমি আমার সংগঠনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে পরামর্শ করে বৈঠকে অংশ নেবো বলে তার (তথ্যমন্ত্রী) একান্ত সচিবকে জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘যেহেতু তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের উদ্বেগ-উৎকন্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে, সেহেতু আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছি।’