রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড অফিস উদ্বোধন করেছেন।বুধবার (২৬ সেপ্টেম্বর) তিরি দুটি বিদ্যালয় পরিদর্শন ও এই অফিস উদ্বোধন করেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্তমানে পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে রয়েছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগীদের একজন।
বুধবার ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিস উদ্বোধনকালে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন রাষ্ট্রপতি। এছাড়াও ইটনা উপজেলা পরিষদ বিদ্যাপীঠ এবং ইটনা বালিকা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, স্থানীয় প্রশাসন ও পুলিশ, শিক্ষক-শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজোয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানসহ আরও অনেকে উপস্থি ছিলেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সফরে ২৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জে পৌঁছেছেন। এবছর ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পর নিজ এলাকায় এটা তার দ্বিতীয় সফর। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাষ্ট্রপতি ঢাকায় ফিরবেন।
সূত্র: বাসস