বিমান কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন ক্যাজুয়াল শ্রমিকরা

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা

চাকরি স্থায়ী করার দাবিতে রবিবার সকাল থেকে কর্মবিরতিতে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাজুয়াল (অস্থায়ী) শ্রমিকরা। বিমান কর্তৃপক্ষের আশ্বাসে বিকাল ৩টার দিকে কর্মসূচি স্থগিত করেছেন তারা।

শ্রমিকদের সামনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, ‘আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। আগামী বোর্ড মিটিংয়ে ক্যাজুয়াল শ্রমিকদের স্থায়ী করার বিষয়টি উপস্থাপন করা হবে।’

বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান বলেন, ‘আগামী বোর্ড মিটিংয়ে যদি দাবি না আদায় হয়, তবে আমরা আবার কর্মবিরতিতে যাবো।’

বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফও শ্রমিকদের সঙ্গে আলাপ করেন। তিনি শ্রমিকদের দাবির বিষয়গুলো প্রধানমন্ত্রীর কার্যালয়, বিমান মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেন।

বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিডিউল বিপর্যয় ঘটে। ফ্লাইট শিডিউল ঠিক রাখতে সিভিল এভিয়েশন নিজস্ব জনবল দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও পুলিশ সদস্যরাও গ্রাউন্ড সার্ভিসে কাজ করেছেন।

ক্যাজুয়াল শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ায় পুলিশ সদস্যরা বাড়তি দায়িত্ব পালন করেন

এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিমানের লোকজন কর্মবিরতি পালন করায় আমরা সিভিল এভিয়েশনের লোকবল দ্বারা কাজ চালিয়ে যাচ্ছি। আনসার, এভসেক সদস্যদের দিয়ে ফ্লাইটের কাজ করানো হচ্ছে, যাতে যাত্রীদের দুর্ভোগে পড়তে না হয়।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস দেয়। বেশিরভাগ ক্যাজুয়াল শ্রমিক গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসে কাজ করে। তারা কর্মবিরতি দিয়ে আন্দোলনে যোগ দেওয়ায় এই শিডিউল বিপর্যয় ঘটে।

জানা গেছে, ১৮ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সভায় বিমানের ৭০০ ক্যাজুয়াল পে গ্রুপ (৩১) ও (৩২) তৃতীয় শ্রেণির কর্মকর্তা চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ক্যাজুয়াল শ্রমিকদের (পে-গ্রুপ ১) ১৮০০ জনের চাকরি স্থায়ী করার কোনও সিদ্ধান্ত হয়নি। এরপর ক্যাজুয়াল শ্রমিকরা ২৪ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন:

 কর্মবিরতিতে বিমানের ক্যাজুয়াল শ্রমিকরা, বিমানবন্দরে শিডিউল বিপর্যয়