বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন

রাজধানীর এক হোটেলে ডিপ্লোম্যাট বাংলাদেশ ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাবাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (০১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে ডিপ্লোম্যাট বাংলাদেশ ম্যাগাজিনের উদ্বোধন শেষে ইইউ রাষ্ট্রদূত রেনজি তিরিংক এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। যার মাধ্যমে সোনার বাংলা গড়ে উঠবে।’

ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি বলেন, ‘আমি বাংলাদেশের বিষয়ে আগ্রহী। এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। আশা করছি, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে সম্পর্ক তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের যে অবদান তা বিশ্বে নজির স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতার কথাও উল্লেখ করে প্রশংসা করেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডিপ্লোম্যাট বাংলাদেশ ম‍্যাগাজিনের সম্পাদক আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।