এই সহায়িকা এসএসসি পরীক্ষার্থীদের জন্য তার পক্ষ থেকে উপহার বলে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখলাম, পাসের হার বৃদ্ধি পেলেও সেখানে কয়েকটি বিষয়ে আমাদের ছেলেমেয়েরা একটু পিছিয়ে আছে। এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে কেউ পিছিয়ে থাকুক—সেটা আমরা চাই না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এবার উন্নয়ন মেলায় আমরা একটা বিশেষ ব্যবস্থা নিয়েছি। সেটা হলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার, সেটা হচ্ছে—পরীক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও গণিতে অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা। অর্থাৎ অনলাইনে তারা এ বিষয়গুলোতে শিক্ষা নিতে পারবে সে ব্যবস্থা আমরা করেছি।’ পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণির জন্য বিভিন্ন বিষয়ে অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে আমরা বিভিন্ন বিষয়ে ডিজিটাল পাঠ সহায়িকা করে দেবো, যাতে আমাদের ছেলেমেয়েরা যেকোনও বিষয় অনলাইনে পেতে পারে।’
শিক্ষার্থীদের জন্য সারাদেশে ইন্টারনেট, ডিজিটাল সেন্টার চালুসহ কম দামে সবার হাতে ল্যাপটপ-স্মার্টফোন তুলে দিতে উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ভাষা শিখতে ‘অ্যাপ’ তৈরির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শুধু ইংরেজি না, ১০টি ভাষায় আমরা একটা অ্যাপ তৈরি করে দিয়েছি, যা অনলাইনে পাওয়া যাবে। এখান থেকে বিভিন্ন ভাষা শেখা যাবে। বিদেশে যারা চাকরি করতে চায়, তারা এখান থেকে ভাষা শিখে নিতে পারবে।’
এর আগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ‘উন্নয়ন অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে সারাদেশে এবারের উন্নয়ন মেলা শুরু হয়েছে, যা তিন দিন চলবে। এ মেলায় রাজধানীসহ দেশের জেলা, উপজেলাগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরা হচ্ছে। মেলায় উদ্ভাবনী বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে।
উন্নয়ন মেলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘এই উন্নয়ন মেলার মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এবং আরও কী উন্নয়ন হতে পারে—আমাদের তরুণ প্রজন্মের ধারণাটা আমরা জানতে চাই। আগামী দিনের বাংলাদেশকে তারা কীভাবে গড়তে চায়, সেই চিন্তা-ভাবনা যেন তাদের মধ্যে থাকে।’ মেলা উদ্বোধন করে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বিভিন্ন উপজেলার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের উন্নয়ন মেলাগুলো গণভবনের সঙ্গে সংযুক্ত ছিল বলে অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
অনুষ্ঠানের গণভবন প্রান্তে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গণভবন থেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।