আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নিতে জেনেভা গেলেন স্পিকার

স্পিকার শিরিন শারমিন চৌধুরী (ফাইল ফটো)

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশ নিতে রবিবার (১৪ অক্টোবর) জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে।

এবার অ্যাসেম্বলির মূল প্রতিপাদ্য ‘শান্তি প্রতিষ্ঠায় সংসদে বিজ্ঞানভিত্তিক নীতিমালা প্রণয়ন।’

এবারের অ্যাসেম্বলিতে বিভিন্ন দেশের ১৩০০ এর বেশি সংসদ সদস্য অংশ নিচ্ছেন। অ্যাসেম্বলিতে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ, যৌন হয়রারি বন্ধ, মানিবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন,  হুইপ ইকবালুর রহিম , মো. আব্দুল কুদ্দুস , এ বি তাজুল ইসলাম , মমতাজ বেগম , মো. হাবিবে মিল্লাত ,কে.এইচ আজিজুল হক , আশেক উল্লাহ রফিক ,কামরুল লাইলা জলি , নাভানা আক্তার , মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী , শামীম হায়দার পাটোয়ারী , সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার ও স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ।

স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

সফরশেষে আগামী ১৮ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: বাসস