শিগগিরই শিশু আইন পাস হচ্ছে: মেনন

রাশেদ খান মেননসমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শিশু আইন-২০১৩ সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে। শিগগিরই তা সংসদে পাস হবে। রবিবার রাজধানীর ইত্তেফাক ভবন মিলনায়তনে ‘বাংলাদেশের শিশু সুরক্ষা ও উন্নয়ন : এসওএস শিশু পল্লীর ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতিসংঘ সনদ গ্রহণের ১৫ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শিশু আইন করে গেছেন। ২০১৩ সালে এই আইনটি সংশোধন করা হয়েছিল। পরবর্তীতে কিছু অসংগতি দেখা দেওয়ায় ইউনিসেফসহ শিশুদের অধিকার রক্ষায় কাজ করা কিছু সংগঠনের পরামর্শে শিশু আদালত এর বিষয়টি পুনঃসংস্কারসহ আইনটি পুনর্বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, শিশুদের জন্য আলাদা বিচারব্যবস্থা করতে হবে। শিশু আইনে যে বয়সের শিশুদের কথা উল্লেখ রয়েছে তারা ছাড়াও সব ধরনের শিশুর জন্য তাদের উপযোগী পরিবেশে এই আদালত গঠন করা হবে।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে সারাদেশে ৮৫টি সরকারি শিশু পরিবার রয়েছে। বেসরকারি যেসব এতিমখানা রয়েছে তাদের জন্য একটা নীতিমালা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এসব এতিমখানাকে সহযোগিতা করার পাশাপাশি তাদের স্থানীয় বিদ্যালয়ে পড়ার সুযোগ সৃষ্টি করা হবে যাতে তারা মূল শিক্ষা স্রোতের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষাগ্রহণ করতে পারে এ ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব রাখা হয়েছে।’
 তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে। এখন শতকরা ৫২ শতাংশ কন্যাশিশু এবং শতকরা ৪৮ শতাংশ ছেলেশিশু প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে। তাদের বছরের প্রথম দিনেরই বিতরণ ও উপবৃত্তির দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’