মিয়ানমারকে চাপ প্রয়োগের আশ্বাস চীনের




বাংলাদেশ-চীনরোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ প্রয়োগ ও বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন চীনের জননিরাপত্তা বিষয়কমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ঝাও কেঝি। এই দুই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

শুক্রবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চীনের মন্ত্রী এ আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল ও চীনের মন্ত্রীর নেতৃত্বে ২৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল অংশ নেন।

বৈঠকে রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নে মিয়ানমারকে চাপ প্রয়োগ ও সমস্যা নিরসনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ সময় চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, ‘সমস্যা সমাধানে চীন আন্তরিক’। নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষর হয়। এরমধ্যে দুটি চুক্তির আওতায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করবে চীন। এছাড়া সাইবার ক্রাইম প্রতিরোধে বাংলাদেশকে প্রযুক্তিগত ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে দেশটি।

এর আগে বৈঠকে যোগ দিতে সকাল ১০টার দিকে চীনের মন্ত্রী সচিবালয়ে উপস্থিত হন। এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অভ্যর্থনা জানান। এ ছাড়া পুলিশের একটি চৌকস দল চীনের মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।