জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার নিয়ে করা আপিলের শুনানি শেষে রবিবার (২৮ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারে নতুন নজির সৃষ্টি করতে চাচ্ছে সরকার। আমরা খালেদা জিয়ার অনুপস্থিতিতে নিম্ন আদালতে বিচার পাইনি, হাইকোর্টে বিচার পাইনি। আপিলে বিচারের জন্য গিয়েছি। আগামীকাল আদেশ হবে, আমরা আশা করি সর্বোচ্চ অাদালতে ন্যায়বিচার পাবো। খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলাটির বিচারের বিষয়টি নিষ্পত্তি (আপিলে) হবে।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে নজির নেই, আসামিকে কারাগারে বিচার করার। পৃথিবীতে নজিরবিহীন, আসামি জেলে আছে এমন অবস্থায় বিচার করা। আসামী হাসপাতালে আছে, মামলার বিচার হবে, বিচারের রায় হবে- পৃথিবীর ইতিহাসে এমন কোনও নজির নেই।’
খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে কিনা বিষয়টি নিয়ে আপিল বিভাগে আদেশের জন্য দিন নির্ধারণ করা হলো, এমন অবস্থায় আগামীকাল রায় ঘোষণা করতে পারে কিনা তা জানতে চেয়ে প্রশ্ন করা হলে খোকন বলেন, এটা আদালতের আদেশের ওপর নির্ভর করবে। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আপিল বিভাগ কী আদেশ দেবে তার ওপর নির্ভর করবে আগামীকাল রায় (বিচারিক আদালতে) ঘোষণা করা হবে কিনা।
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থা বিচারিক আদালত বিবেচনা না করে, মানুষের জীবনের কথা চিন্তা না করে রায়ের দিন নির্ধারণ করেছেন। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা আদালতের প্রতি খুবই শ্রদ্ধাশীল। আদেশের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি না। আমরা খালেদা জিয়াকে আইনগত সহায়তা দেওয়ার লক্ষ্যে দেশের সর্বোচ্চ আদালতে এসেছি। আমরা বিশ্বাস করি, দেশের সর্বোচ্চ আদালতে ন্যায়বিচার পাবো। ন্যায়বিচারের স্বার্থে আমাদের আবেদন গ্রহণ করবে আপিল বিভাগ।’