পাইভেট কারের চালক ও আরোহীসহ মোটরসাইকেল চালকদের মুখে পোড়া মোবিল মাখিয়ে দিয়েছে। মোটরসাইকেল আরোহীর হেলমেট ভেঙে ফেলেছে। জোর করে ছিনিয়ে নিয়েছে গাড়ির চাবি। অনেক স্থানে এলোপাতারি ট্রাক রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে। সিএনজি অটোরিকশা থেকে যাত্রীদের নামিয়ে দিতেও দেখা গেছে। এক কথায় রবিবার সকালে জীবিকার তাগিদে রাস্তায় নামা নগরবাসীকে জিম্মি করে পরিবহন শ্রমিকরা।
রাজধানীর জিরোপয়েন্ট, রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলি, গুলিস্তানসহ বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সীমাহীন ভোগান্তির চিত্র দেখা গেছে। এসব এলাকায় হাজার হাজার মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন। কেউ কেউ কয়েকগুণ বেশি ভাড়া গুনে ভ্যানগাড়ি, পিকআপ ভ্যান, রিকশা, মোটরসাইকেলে করে গন্তব্যে পৌঁছাতে গিয়ে ভোগান্তির শিকার হন। নির্বিচারে চালক ও যাত্রীদের চোখে-মুখে ও পোশাকে পোড়া মোবিল মেখে দিয়েছে শ্রমিকরা।
যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোড, ডেমরা রোড, নারায়ণগঞ্জ রোডে সকাল থেকে এ দৃশ্য দেখা যায়। এসব এলাকায় পুলিশকে বিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা কোনও অ্যাকশনে ছিল না। পুলিশ শ্রমিকদের বাধা দিচ্ছে না কেন, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পুলিশ সদস্য বাংলা ট্রিবিউনকে জানান— অর্ডার নাই। ওপরের নির্দেশের অপেক্ষায় আছি।
প্রসঙ্গত, জাতীয় সংসদে পাস হওয়া ও রাষ্ট্রপতির স্বাক্ষর হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনসহ ৮ দফা দাবিতে রবিবার সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে অঘোষিত ৪৮ ঘণ্টার কর্মবিরতি। এই কর্মসূচি পালন করতে গিয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা রাস্তায় রীতিমত নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। শ্রমিকরা এই আন্দোলনের পক্ষে জনমত আদায়ে মাইকিং ও র্যালিও করেছে।
পরিবহন শ্রমিকদের ডাকা এই ধর্মঘটে রাজধানীসহ সারাদেশে সাধারণ জনগণ, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছে। সায়েদাবাদ, গাবতলী, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় বিভিন্ন স্থানে ধর্মঘটের সমর্থনে পরিবহন শ্রমিকদের উচ্ছৃঙ্খল আচরণ চোখে পড়েছে সবারই। তারা দলবদ্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
অফিসে যাবার সময় রায়েরবাগ, সানার পাড়, চিটাগাং রোড মোড়ে বাংলা ট্রিবিউন, যুগান্তর, আমাদের সময় পত্রিকার সাংবাদিকদের মোটরসাইকেল আটকে দেয় একদল পরিবহন শ্রমিক। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা অনেকের সঙ্গেই উশৃঙ্খল আচরণ করে এবং শরীরে পোড়া মোবিল লাগিয়ে দেওয়ার চেষ্টা করে।
শ্রমিকদের আন্দোলন সম্পর্কে জানতে চাইলে সরকারের নৌ পরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান জানান, এ ধর্মঘট সম্পর্কে তিনি কিছুই জানেন না। সকালে সচিবালয়ের নিজ দফতর থেকে জাতীয় সংসদে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কিছু জানি না। এ নিয়ে আমি কোনো কথা বলবো না।’
এ সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যারা আন্দোলন করছে, তারা আইন না পড়েই আন্দোলন করছে।’ তিনি পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের আইনটি পড়ে দেখারও অনুরোধ জানিয়েছেন। সকালে নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে যোগদান করা বিচারকদের ওরিয়েনটেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
একইভাবে দুপুরে সচিবালয়ে সাধারণ বিমা কর্তৃপক্ষের দেওয়া ডিভিডেন্ডের চেক গ্রহণ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, কোনও ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। সরকার সব ধরনের নৈরাজ্য কঠোর হাতে দমন করবে।