মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল পাস



জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন)বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮ সংসদে পাস হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিলটি পাসের প্রস্তাব করে তা কণ্ঠভোটে পাস হয়।
গত ২১ অক্টোবর বিলটি সংসদে উত্থাপনের তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এরআগে গত ১৩ আগস্ট প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়।
এই ইনস্টিটিউট ১৯৮৪ সালের একটি অর্ডিন্যান্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্রধান সদর দফতর ময়মনসিংহে। বিল অনুযায়ী এটি একটি কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হবে।

ইনস্টিটিউটে একজন মহাপরিচালক থাকবেন, যিনি এর সার্বক্ষণিক নির্বাহী প্রধান হিসেবে কাজ করবেন।
ইনস্টিটিউটের একটি পরিচালনা বোর্ড থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী পদাধিকার বলে এই পরিচালনা বোর্ডের চেয়ারম্যান। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকলে ওনারা ভাইস চেয়ারম্যান। স্পিকার মনোনীত দু’জন সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মহাপরিচালক এর সদস্য থাকবেন। ইনস্টিটিউটের মহাপরিচালক বোর্ডের সদস্য সচিব হবেন।
বিলে বলা হয়েছে, ইনস্টিটিউটে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা বা তদূর্ধ্ব পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তা কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিজ্ঞান, প্রযুক্তি, মৎস্য শিল্প স্থাপন বা অনুসন্ধান বা পরামর্শ দিলে বোর্ড নির্ধারিত হারে ফি প্রাপ্য হবে।