মন্ত্রিপরিষদ বৈঠকে ছিলেন না শাজাহান খান

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান (ফাইল ফটো)সোমবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন না নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পারিবারিক কারণে তিনি এ বৈঠকে অনুপস্থিত ছিলেন। মন্ত্রিসভার বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।

পরিবহন ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় কোনও আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি। কারণ, এটি কোনও এজেন্ডায় ছিল না।’ তবে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন কিনা বা কোনও কিছু বলেছেন কিনা সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে উপস্থিত ছিলেন না। তার এক আত্মীয় মারা যাওয়ায় তিনি সেখানে গেছেন।’
দুদিনের পরিবহন ধর্মঘট নিয়ে আপনারা উদ্বিগ্ন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সবার মধ্যেই সেই উদ্বেগ আছে।’