সদ্য শেষ হওয়া পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটে গোটা দেশ, গোটা জাতির মুখে পোড়া মোবিল মাখিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘পোড়া মোবিলে কলঙ্ক’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এ আয়োজন।
শফিকুল ইসলাম বলেন, ‘বাঙালি জাতি গত ৪৮ ঘণ্টা এক দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে পার করেছে। বাংলাদেশ ’৭১ সালে স্বাধীন হয়েছে, আন্দোলন তখনও হয়েছে, এরপরও নানা সময় আন্দোলন হয়েছে। দাবি আদায়ে ধর্মঘট একটি যৌক্তিক শব্দ। কিন্তু পরিবহন ধর্মঘটের নামে গত ৪৮ ঘণ্টা দেশে যা হয়েছে তা রীতিমতো এক নৈরাজ্য। এই নৈরাজ্যের মধ্যে ১৬ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছয় বছর বয়সের শিশুর মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের কর্মকর্তা রাস্তায় বাধা পেয়েছেন। স্কুলগামী ছাত্রীর ইউনিফর্মে কালি মাখানো হয়েছে। এই অধিকার কে দিয়েছে?’
তিনি বলেন, ‘পরিবহন শ্রমিকদের ধর্মঘট একটি যৌক্তিক শব্দ। আপনারা পরিবহন নিয়ে রাস্তায় নামবেন না— এটা ভালো কথা। কিন্তু কেন প্রাইভেট গাড়ি চলতে দেওয়া হলো না? চালকদের মুখে কেন কালি মেখে দেওয়া হলো? এই কালি শুধু চালকদের মুখে নয় বরং গোটা দেশের মুখে জাতির মুখে লাগিয়ে দেওয়া হয়েছে।’
বারবার এমন পরিবহন ধর্মঘটের নামে রাস্তায় যে নৈরাজ্য হয় তার দায়ভার এসে পড়ে সরকারের ঘাড়ে বলেও মন্তব্য করেন তিনি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন শফিকুল ইসলামসহ বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি কাউসার আহমেদ পলাশ, ‘নিরাপদ সড়ক চাই’-এর মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ (খোকন) এবং বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।