আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
তবে তফসিলের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোনও আলোচনা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।
নির্বাচনের প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে সিইসি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়টি অবহিত করেছি। তবে তফসিল ও ভোটের তারিখ বিষয়ে তার সঙ্গে কোনও আলোচনা হয়নি।’
সব দল নির্বাচনে আসবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের আস্থা আছে। সব দল নির্বাচনে অংশ নেবে।’
সব দল নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি জানি না।’
চলমান রাজনৈতিক সংলাপের কারণে ইসির তফসিল পরিকল্পনায় কোনও পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সংলাপের বিষয়টি আমাদের পর্যালোচনায় রয়েছে। আমরা এখনও তফসিলের ব্যাপারে কোনও সিদ্ধান্তই নেইনি। ডিসেম্বর না জানুয়ারিতে ভোট হবে সে বিষয় এখনই বলা যাবে না।’
বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করার জন্য হাইকোর্টের নির্দেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ হাইকোর্টের আদেশ আমরা পেয়েছি। যিনি এ বিষয়ে দরখাস্ত করেছেন তার কপিও আমরা পেয়েছি। এখনও এ বিষয়ে সময় আছে। কমিশন আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।