সোমবার (৫ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ‘সাহিত্য: সত্তাবোধের ঠিকানা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কথা সাহিত্যিক মঈনুল আহসান সাবের বলেন, ‘আমি সাহিত্যচর্চা করি। কাজী আনিস সাহেব যা বললেন এর সঙ্গে দ্বিমতের কিছু নেই। আমরা যদি আমাদের চর্চার জায়গায় যেতে চাই, তবে আমি মনে করি- আরও মাধ্যম আছে যেমন সংগীতের বা শিল্পের। আমরা যারা এসবের চর্চায় জড়িত, তাদের কাছে কিন্তু এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পথ।’
তিনি আরও বলেন, ‘চর্চার মাধ্যমে আমরা যে সমাজে, অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক পরিমণ্ডলে অবস্থান করছি সে সব বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠে। বিষয়গুলো পরিষ্কার হয়ে ওঠাটা অনেক বেশি জরুরি। আমি মনে করি সাহিত্যের মাধ্যমে সেটি অনেক বেশি সহজ হয়।’
বিকাল সাড়ে ৪টায় শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৈঠকিটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। এ আয়োজন বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার হয়।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন সাহিত্যিক ও বাংলা ট্রিবিউন এবং ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ, কবি ও ঢাকা লিট ফেস্ট পরিচালক সাদাফ সায্ সিদ্দিকী, কবি ও ঢাকা লিট ফেস্ট পরিচালক আহসান আকবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং কবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামীম রেজা।