বিশ্বে দিন দিন বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বক্তব্য রাখছেন নুরুল ইসলাম বিএসসি (ছবি– প্রতিনিধি)

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘বিশ্বে দিন দিন বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়ছে।’ বুধবার (৭ নভেম্বর) মিরপুরে ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে জাপানে শিক্ষক, টেক্সটাইলে প্রশিক্ষিত লোক এবং মহিলা কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ বিশ্বে সবচেয়ে বেশি কর্মী প্রেরণকারী দেশ। দিন দিন বিশ্বে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘প্রবাসী কর্মীরাই বাংলাদেশের গোল্ডেন-বয়। বিদেশে অবস্থানরত এককোটি ২০ লাখ কর্মীর প্রেরিত রেমিট্যান্সই বাংলাদেশের সুগঠিত অর্থনীতির অন্যতম ভিত্তি। বিদেশের মাটিতে বাংলাদেশের কর্মীরা নানা প্রতিকূলতা জয় করে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করছে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’ এসময় প্রবাসী কর্মীদের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর জন্য আহ্বান জানান তিনি।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমদ মুনিরুছ সালেহীন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের রিজিওনাল ম্যানেজার নাসিসাস সুলাইমান, প্রকল্প পরিচালক ড. প্রকৌশলী মো. সাকাওয়াৎ আলী ।

এরপর মন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘এলজি আরএসি ইনভার্টার ল্যাব’ উদ্বোধন করেন।