সিপাহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জিয়া: তথ্যমন্ত্রী

৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী জনতার গণঅভ্যুত্থানে কর্নেল তাহের সামরিক শাসন, বঙ্গবন্ধুর খুনি ও অবৈধ দখলদারদের হাত থেকে দেশ উদ্ধারের প্রচেষ্টা চালান বলে মন্তব্য করেছেন  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘খলচরিত্র জিয়াউর রহমান ক্ষমতার লোভে খালেদ মোশাররফ-হুদা-হায়দারকে হত্যা করেন। এরপর  কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করেন। সিপাহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জিয়া। এ কারণে, তাহের ৭ নভেম্বরের নায়ক আর জিয়া খলচরিত্র।’

বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ৭ নভেম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 তথ্যমন্ত্রী বলেন, ‘সিপাহী বিদ্রোহের কোনও সৈনিক নয়, জিয়ার চক্রান্তেই তার অনুসারীরা মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করেছিল।’

ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, সহ-সভাপতি আফরোজা হক রীনা, সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।