প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত একবছরের লভ্যাংশের নির্দিষ্ট অর্থ দিয়েছে সুইং থ্রেড উৎপাদনকারী জার্মান কোম্পানি আমান বাংলাদেশ। বুধবার (৭ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের হাতে আমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান ছয় লাখ ২৩ হাজার ২শ’ ১২ টাকার চেক হস্তান্তর করেন।
এসময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের এই তহবিল থেকেই সহায়তা প্রদান করা হচ্ছে। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের কোনও শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে দুই লাখ, দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় একলাখ এবং শ্রমিকের সন্তানের সরকারি কোনও প্রকৌশল, টেক্সটাইল ও কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজে লেখাপড়ার জন্য তিন লাখ টাকা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার জন্য ৪০ হাজার টাকা শিক্ষা সহায়তায় প্রদান করা হচ্ছে।’
এ অনুষ্ঠানেই শ্রম প্রতিমন্ত্রী সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামপুর গ্রামের শ্যামল কুমারের ছেলে শুভ কুমারের হাতে শ্রমিক কল্যাণ তহবিল থেকে শিক্ষা সহায়তা হিসেবে ৩০ হাজার টাকার চেক তুলে দেন। সম্প্রতি শুভকে নিয়ে একটি জাতীয় দৈনিকে ‘অর্থাভাবে ঢাবিতে ভর্তি হতে পারছে না কাঠশ্রমিক শুভ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, আমান বাংলাদেশের পরিচালক এবং কোম্পানি সচিব আমজাদ হোসেন এবং ব্যবস্থাপক মেহানাজ উদ্দিন রুপম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা বিধান রয়েছে। এপর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক কোম্পানি মিলে ১২২টি কোম্পানি এ তহবিলে অর্থ দিয়েছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৩১২ কোটি টাকা।