শুক্রবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। সেই সঙ্গে তরুণদের কাছ থেকে গ্রহণ করেন দেশ গঠনে তাদের পরিকল্পনা ও মতামত।
‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শিরোনামের এই অনুষ্ঠানটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হয়ে তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেন। তরুণদেরও বেশ কিছু প্রশ্ন করেন তিনি। সেই সঙ্গে বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে প্রধানমন্ত্রী তার কৈশোর ও তারুণ্যে ঘটে যাওয়া অজানা অনেক তথ্য তুলে ধরেন। এ ছাড়াও ব্যস্ততার মধ্যে তার ব্যক্তিগত জীবন, নিজস্ব চিন্তা-ভাবনার কথাও তরুণদের শোনান বঙ্গবন্ধু কন্যা।
উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে,সারাদেশ থেকে আসা ১৫০ জন তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
তরুণরা যাতে দেশের নীতি-নির্ধারকদের সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন এবং নিজেদের ভাবনা ও সমস্যাগুলোর কথা নীতি নির্ধারকদের কাছে পৌঁছাতে পারেন, সেজন্যই সিআরআই নিয়মিত আয়োজন করে আসছে ‘লেটস টক’ নামের অনুষ্ঠানটি। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদকে নিয়ে এর আগে বেশ কয়েকবার লেটস টক আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আয়োজন করা হলো ‘লেটস টক উইথ শেখ হাসিনা।’