বাসাবাড়িতেও মশার ওষুধ দেবে ডিএসসিসি: সাঈদ খোকন

 

মশক নিধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন (ছবি: নাসিরুল ইসলাম)নাগরিকরা অনুমতি দিলে তাদের বাসাবাড়িতেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কর্মীরা ওষুধ ছিটাতে বাধ্য বলে জানিয়েছেন সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রবিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এসময় মেয়র সাঈদ খোকন বলেন, ‘বর্ষা ও শীত মৌসুমে সাধারণত ডেঙ্গু ও চিকুনগুনিয়া মৌসুম হিসেবে চিহ্নিত করা হয়। কারণ এসময় তাপমাত্রা কম থাকে। এ জন্য আমরা বিশেষ একটি কর্মসূচি গ্রহণ করেছি। যা আজ থেকে শুরু হয়েছে।’

সাঈদ খোকন আরও বলেন, ‘বিগত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেশি ছিল, কিন্তু আতঙ্কিত হওযার মতো না। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তাপমাত্রা কিছুটা কম থাকে। এতে মশার উপদ্রব শুরু হয়। এই উপদ্রব যাতে নাগরিকদের আতঙ্কিত ও বিরক্তির কারণ না হয় সে জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। আজ থেকে সপ্তাহব্যাপী আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে মশা নিধন কাজ শুরু করেছি।’মশক নিধন কর্মীরা (ছবি: নাসিরুল ইসলাম)

মেয়র বলেন, ‘যদি আপনার বাসাবাড়িতে স্প্রে করতে চান তাহলে আমাদের কাউন্সিলর বা কর্মীদের বলবেন। আপনার অনুমতি সাপেক্ষে আমাদের কর্মীরা স্প্রে করতে বাধ্য। আমরা অফিস আদেশ জারি করে দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘ঢাকার ধুলা দূষণ ও ইয়ার কোয়ালিটি নিয়ন্ত্রণের দায়িত্ব পরিবেশ অধিদফতরের। এরপরেও দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা ১০টি গাড়ি দিয়ে সকাল বিকাল প্রধান সড়কগুলোতে পানি ছিটাচ্ছি।’