শটগানসহ নিরাপত্তারক্ষী চান ইসি সচিব

হেলালুদ্দীন আহমেদ (ফাইল ছবি)নিজের নিরাপত্তার জন্য পিস্তলসহ একজন নিরাপত্তারক্ষী থাকলেও বাড়তি নিরাপত্তার জন্য শটগানসহ আরেকজন নিরাপত্তারক্ষী চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। এ জন্য তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, ৩ ডিসেম্বর এই চিঠি দেওয়া হয়। ইসি সচিবের একান্ত সচিব মো. আল মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের কাজে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। সচিবের নিরাপত্তার জন্য ডিএমপি প্রটেকশন বিভাগ নিযুক্ত পিস্তলসহ একজন দেহরক্ষী বর্তমানে কর্মরত রয়েছেন। জাতীয় নির্বাচন চলার সময় এবং নির্বাচনের পর কিছুকাল সচিবের জন্য নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এই লক্ষ্যে পিস্তলসহ দেহরক্ষী/গানম্যানের পাশাপাশি শটগানসহ আরও একজন দেহরক্ষী/গানম্যান নিযুক্ত করা প্রয়োজন। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে গানম্যান নিযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয় চিঠিতে।