ইসির কাছে নিরাপত্তা চেয়েছেন আমানউল্লাহ আমানের ছেলে অমি

 

ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি (ফাইল ছবি: সংগৃহীত)একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি প্রার্থী হিসেবে নিরাপত্তা চেয়েছেন। নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কাবোধ করায় নির্বাচন কমিশনের (ইসি) কাছে মঙ্গলবার তিনি এক চিঠিতে নিরাপত্তা চেয়ে আবেদন করেন।

অমি ঢাকা-২ আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবরে লেখা আবেদনে ইরফান ইবনে আমান বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ করা হয়েছে। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতার আশঙ্কা বোধ করছি। তাই আমার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক পুলিশ নিয়োগ চাই।’

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।