ইসির সঙ্গে এনডিআইয়ের বৈঠকে ইভিএম ও পর্যবেক্ষক নিয়ে আলোচনা

নির্বাচন কমিশননির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মঙ্গলবার (৪ ডিসেম্বর) বৈঠক করেছে নির্বাচনি পর্যবেক্ষক সংস্থা-ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে এনডিআই প্রতিনিধি দল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ছাড়াও কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এনডিআইয়ের সাত সদস্যের প্রতিনিধি দলে ছিলেন— এশিয়া বিষয়ক প্রোগ্রাম অফিসার মেইভি হিলান-হুউস্ট, সিনিয়র ইলেকশন অ্যাডভাইজার নিল নেভিটি, ডিরেক্টর অব পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম আইভান ডোহেরথি, ডেন্ডার ওমেন অ্যান্ড ডেমোক্রেসি বিষয়ক ডিরেক্টর স্যানড্রা পিপিরা প্রমুখ।

ইসি সূত্র জানায়, বৈঠকে মূলত দেশি ও বিদেশি পর্যবেক্ষকরা কীভাবে পর্যবেক্ষণ করবেন এবং জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি-না এনডিআইয়ের প্রতিনিধি দলের সদস্যরা তা জানতে চান। নির্বাচন কমিশন প্রতিনিধি দলটিকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

ইভিএম নিয়ে আলোচনার বিষয়ে ইসির এক কর্মকর্তা জানান, তারা নির্বাচন কমিশনের কাছে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়ে জানতে চেয়েছেন। জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে যে, শুরুতে ৪৮টি আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ছিলো কমিশনের। তবে পরবর্তিতে সেটি ছয়টিতে নামিয়ে আনা হয়েছে।