ইশতেহারে প্রাণ-প্রকৃতি ও জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার দাবি পবার

নির্বাচনী অঙ্গীকারে প্রাণ-প্রকৃতি ও জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার দাবি পবারনির্বাচনি অঙ্গীকার বা ইশতেহারে ‘প্রাণ-প্রকৃতি ও জনস্বাস্থ্যকে’ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ক নির্বাচনি অঙ্গীকার শীর্ষক এক সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে মূল প্রবন্ধে ডা. লেলিন চৌধুরী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনমনে বিপুল প্রত্যাশা ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। দেশের মানুষের সামনে রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্বাচনি ইশতেহারের মাধ্যমে তুলে ধরে। এতে প্রাণ-প্রকৃতি ও জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে।’

সেমিনারে বলা হয়, সম্প্রতি জাতিসংঘের পরিবেশ সংস্থা গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ওপর ‘এমিশন গ্যাপ রিপোর্ট-২০১৮’ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে- ২০১৭ সালে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ ১ দশমিক ২ শতাংশ বেড়ে গেছে। প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা শিল্প যুগের আগের তুলনায় ১ দশমিক ৫ সেলসিয়াস বৃদ্ধিতে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়। এই লক্ষ্য অর্জনে ২০৩০ সাল নাগাদ বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বর্তমানের তুলনায় ৫৫ শতাংশ কমিয়ে আনতে হবে। কিন্তু বর্তমানে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ যে হারে বাড়ছে তাতে বর্তমান শতকের শেষ নাগাদ বৈশ্বিক গড় তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যতটা বাড়বে তাতে পৃথিবীর প্রায় আশি ভাগ ভূখণ্ড তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগের তথ্য-উপাত্ত বিশ্লেষণ থেকে আমরা জানি, ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রথম কয়েকটির একটি হবে বাংলাদেশ।

এতে আরও বলা হয়, ইতোমধ্যেই ঢাকা বিশ্বের দ্বিতীয় দূষিত নগরী হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের বনাঞ্চল ১০ শতাংশ নেমে এসেছে, যা থাকার কথা দেশের মোট আয়তনের ২৫ শতাংশ। সারা বিশ্বে যেখানে কৃষিতে কীটনাশকের ব্যবহারের হার ২২ শতাংশ সেখানে বাংলাদেশে এই হার হচ্ছে ৩৯ শতাংশ।  দেশব্যাপী দখল হয়ে যাচ্ছে নদ- নদী, খালবিল, ডোবা-নালা, জলাধার এবং চাষের জমি। বায়ু দূষণ, জল দূষণ, ভূমি দূষণ, শব্দ দূষণ, আলো দূষণ, প্লাস্টিক দূষণ , খাদ্য দূষণসহ নানা রকম দূষণের প্রকোপে মানুষের জীবন ও স্বাস্থ্যমান ক্রমশ নিম্নগামী হচ্ছে। সব মিলিয়ে দেশে মানুষের রোগ এবং ভোগান্তি বেড়ে যাচ্ছে।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), জনউদ্যোগ ও ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। এতে আরও বক্তব্য দেন জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্যসচিব তারিক হেসেন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি প্রফেসর ডা. আবু সাঈদ, জনউদ্যোগের জাতীয় কমিটির আহ্বায়ক ডা. মুশতাক হোসেন, পবার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কামরুজ্জামান, ঢাকা ৭ ও ৮ আসনে বাসদ মনোনীত গণতান্ত্রিক বাম জোট প্রার্থী খালেকুজ্জামান লিপন প্রমুখ।