জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার ফাইল ফটোপ্রধানমন্ত্রীর বই উৎসব উদ্বোধনীতে আপত্তি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দফতরে জমা দেন গণফোরামের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু। এতে সোমবার (২৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই উৎসব উদ্বোধন বন্ধের দাবি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ ডিসেম্বর বই উৎসব করা হলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে।
চিঠিতে আরও বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর দেশে বই উৎসব উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে। আমরা মনে করি, এ ধরনের কর্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এর আগে এই বই উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়। ১ অথবা ২ জানুয়ারি বই উৎসব করা হলে কোনও ক্ষতি নেই। কিন্তু নির্বাচনের কয়েক দিন আগে ২৪ ডিসেম্বর তড়িঘড়ি করে বই উৎসব উদ্বোধনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেওয়ার সামিল হবে। বই উৎসবের মতো একটি অনুষ্ঠান কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
বই উৎসব উদ্বোধন বন্ধের দাবিতে ইসিতে ঐক্যফ্রন্টের চিঠিচিঠিতে নির্বাচনের আগে ২৪ ডিসেম্বর বই উৎসব কর্মসূচি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ প্রদানে সিইসিকে অনুরোধ জানানো হয়। প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি ২০১৯ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।