মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় সাপ্তাহিক আয়োজন—বাংলা ট্রিবিউন বৈঠকি।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শুরু থেকে যদি বলি, তাহলে আমরা কখনও সরকারের কাছ থেকে কিংবা নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যূনতম যা প্রয়োজনীয়, আমরা তা পাইনি। তারপরও আমরা দফায় দফায় নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা বোঝাতে চেয়েছি যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। যেহেতু নির্বাচন কমিশন দায়িত্বে আছে, সব স্টেকহোল্ডারের জন্য একটি অনুকূল পরিবেশ তাদের করা উচিত। সেটার দাবি নিয়ে আমরা গিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আজকের মূল সমস্যা হলো পুলিশ সারাদেশে যা করছে। মঙ্গলবার একদিনে সাতজন প্রার্থী আহত হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আহতের সংখ্যা তো আছেই। নানা রকম মামলা হচ্ছে, হামলা হচ্ছে। কোনও কাজ করা যাচ্ছে না। তারপর, এই ঢাকা শহরে ধানের শীষে পোস্টার নেই। এখানে বলা হতে পারে পোস্টার লাগানোর ক্ষমতা নেই। কিন্তু বাস্তবে পোস্টার লাগানোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না। এরকমভাবেই ভয়ঙ্কর নিপীড়ন চালানো হচ্ছে। বিরোধী দলীয় নেতাকর্মীরা বাধা পাচ্ছেন আর পুলিশ তাদের পালন করছে না। উল্টো তারা নানা রকম মামলায় গ্রেফতার করা শুরু করেছে।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় ডা. জাহেদ উর রহমানসহ বৈঠকিতে অংশ নেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান, দৈনিক আমাদের নতুন সময়ের যুগ্ম সম্পাদক বিভুরঞ্জন সরকার, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক এবং বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।