সরেজমিন দেখা যায়, সকাল থেকেই প্রিজাইডিং কর্মকর্তারা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের অন্য সামগ্রীগুলো বস্তায় ভরে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। প্রতিটি টিমের সঙ্গে রয়েছেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্য। ভোটগ্রহণ সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছার পর প্রিজাইডিং কার্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের ভোটার অনুযায়ী বুথগুলো প্রস্তুত করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সিনিয়র সদস্যরা টিমের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন।
বেলা ১২টার দিকে এ আসনের সিদ্বেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, এরইমধ্যে কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ পুলিশ, আনসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে বুথগুলো তৈরি করছেন। তিনি জানান, তার কেন্দ্রে এক হাজার ৯৬ জন ভোটার রয়েছে। দুপুর নাগাদ তার কেন্দ্রের আনুষঙ্গিক কাজ শেষ হবে।
তিনি জানান, তার কেন্দ্রে তিন হাজার ৮৬টি ভোট রয়েছে। এ জন্য বুথ রয়েছে ৬টি। বুথগুলো তৈরির কাজে ব্যস্ত রয়েছেন তিনি ।
তবে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে যেসব কেন্দ্রে ইভিএম ভোটগ্রহণ করা হবে সেখানে। এসব কেন্দ্রে ব্যালট ও ভোট বাক্সের প্রয়োজন নেই। কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এই কেন্দ্রে ইভিএমে ভোট হবে। আমাদের সব প্রস্তুতি শেষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। আশা করি সকালে যথাসময়ে ভোটগ্রহণ শুরু করতে পারবো।’
ছবি: সাজ্জাদ হোসেন