ঢাকা-১০ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপি নেতা আব্দুল মান্নান অভিযোগ করেছেন, তার এলাকার ১১৫টি কেন্দ্রের সবক’টিতেই ধানের শীষ এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেককে মারধরের পর বের করে দেওয়া হয়েছে।
রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে এ অভিযোগ করেন আবদুল মান্নান।
তার অভিযোগ—‘পুলিশের সহায়তা চেয়েও পাইনি। সেনাবাহিনীর অফিসারকে বলার পরও কোনও সহায়তা পাইনি।’
লিখিত অভিযোগের পর তিনি ব্রিফিংয়ে দাবি করেন, আমি নির্বাচন থেকে সরে যেতে আসিনি। আমি আপনাদের সহযোগিতা চাই। সত্য তুলে ধরার জন্য অনুরোধ করতে এসেছি।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আমার ব্যক্তিগত মত হচ্ছে, আমি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেখতে চাই তারা কতটা নিচে নামতে পারে।
আব্দুল মান্নান অভিযোগ করেন, ‘২০টি কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া গেলেও তাদেরকে ভয়ভীতি ও মারধরের পর বের করে দেওয়া হয়। এরমধ্যে ছয়জন রক্তাক্ত হয়েছেন। কয়েকজন নারী এজেন্ট রক্তাক্ত অবস্থায় আমার বাসায় আসেন। হাতিরপুলে নারী কর্মীদের শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে ধানের শীষের এই প্রার্থী জানান, যেসব কেন্দ্রে এজেন্টদের মারধর ও বের করে দেওয়া হয়েছে সেগুলো হলো— ঢাকা সিটি কলেজ, সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ, হাতিরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারীবাগ জরিনা শিকদার বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজ, টিটি কলেজ, ইভান ল্যাবরেটরি স্কুল, ডা. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকলী হাইস্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
এসব কেন্দ্রে এজেন্টদের পুলিশ গ্রেফতার করেছে, কেন্দ্র থেকে করে দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।