ছাত্রজীবনের প্রতিপক্ষকে কাছে পেয়ে আবেগাপ্লুত হলেন প্রধানমন্ত্রী

তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান অধ্যাপক নাজমা শামস। ছাত্রজীবনের প্রতিপক্ষকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ভেসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইডেন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অধ্যাপক নাজমা শামস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা যে সংসদের ভিপি ছিলেন, নাজমা শামস ছিলেন সেই সংসদের জিএস। রাজনীতির মাঠে তারা ছিলেন প্রতিদ্বন্দ্বী দলের প্রধান প্রতিপক্ষ।  শেখ হাসিনা ছাত্রলীগ থেকে আর নাজমা শামস ছাত্র ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছিলেন।

বুধবার সন্ধ্যায় নাজমা শামস যখন শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছিলেন যেন ফিরে এসেছিল ষাট এর সেই দশক। তবে একটু ভিন্নভাবে। নাজমা শামস শেখ হাসিনাকে ফুল দেওয়ার পর তারা একে অপরকে  জড়িয়ে ধরেন। অধ্যাপক নাজমা বাংলাদেশ স্কাউট গার্লস ইন স্কাউটিং ফোরাম জাতীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনের রাজনৈতিক প্রতিপক্ষ ও সহযোদ্ধা অধ্যাপক নাজমা শামসকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রফেসর নাজমা শামস এসেছিলেন ছাত্রজীবনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানাতে। এ সময় দেখেই একজন আরেকজনকে জড়িয়ে ধরেন। স্বয়ং প্রধানমন্ত্রীই মুখ খুললেন। তিনি জানান, তিনি যখন ইডেন কলেজের ছাত্রসংসদের ভিপি ছিলেন তখন নাজমা শামস ছিলেন জিএস। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ছাত্রলীগ থেকে, আর নাজমা শামস ছিলেন ছাত্র ইউনিয়ন থেকে। কিন্তু সম্পর্কটা ছিল খুবই আন্তরিকতায় ভরপুর। সেই সম্পর্ক এখনও আছে।

এই দুই রাজনৈতিক সতীর্থ শত ব্যস্ততার মাঝেও দেখা হলেই স্মৃতিচারণে মেতে ওঠেন তারা। ছাত্রজীবনের সেই দিনগুলোতে বারবার ফিরে যান। কী রকম ছিল সেই আন্দোলনের দিনগুলো, সেই সময়ের ছাত্র রাজনীতিসহ নানা খুনসুটিতে মেতে ওঠেন তারা।