নতুনভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তাদের বোঝার সমস্যা। এটা তথ্যের ঘাটতিও হতে পারে। আমি মনে করি না এই বিবৃতি নিয়ে চিন্তার কিছু আছে। তবে আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলবো।’
তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে যেমন গভীর সম্পর্ক গড়তে চাই তেমনি পূর্ব ও পশ্চিমে যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক বাড়াবো। আমরা চাই আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশকে আরও ভালোভাবে বুঝুক।’
রোহিঙ্গা বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের প্রত্যাশা অনুযায়ী যখন প্রত্যাবাসন শুরু হয়নি তখন আমরা ইচ্ছা করে এ বিষয়ে জোর দেইনি। বিশেষ করে ডিসেম্বরে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, তালিকাভুক্ত যে রোহিঙ্গারা রয়েছে সেই তালিকা অনুযায়ী প্রত্যাবাসন শুরু হবে।’
তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। সরকারের নীতি বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় দায়িত্ব পালন করবে বলে আমি মনে করি।’
আগামী ১০০ দিনে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রক্রিয়াগুলো ধীরগতির। আগামী ১০০ দিনে কী করবো তা এভাবে বলা যায় না।’