মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে সদ্য শপথ নেওয়া প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চমক দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি দুটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশন—‘বাইকে চড়ে প্রথম দিন অফিসে...’।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুর দু্ইটার কিছু পরে পোস্ট করা ছবিতে তিনি বাইকের পেছনে বসা। দুটি ছবিতেই তাকে হেলমেট ছাড়া দেখা গেলেও হেলমেটসহ আরেকটি ছবি দেওয়া হয়েছে।
পলকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১২টার সময় পূর্বনির্ধারিত সভা ছিল আইসিটি বিভাগে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর সংসদে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে আগারগাঁও যাওয়ার সময় আমি জ্যামে পড়ি। তখন একটি মোটরসাইকেলে লিফট নিই। তারপরও ১৫ মিনিট দেরি হয়েছে। নতুন বছরে আমার নতুন রেজ্যুলেশন, একটু সময়ও যেন অপচয় না হয়, প্রতিটি কাজ যেন সময় মতো করতে পারি। এজন্য বাইকে করে অফিসে যাওয়া।’
পলকের দুটি ছবিতে হেলমেট পরা না থাকায় পোস্টে সমালোচনার ঝড় ওঠে। অনেক সমালোচনার মধ্যে একজন লেখেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ না। মহামান্য মন্ত্রী সাহেব, পরের বার দয়া করে হেলমেট পরবেন। দুর্ঘটনা আপনারও হতে পারে।’ এ বিষয়ে পলককে জিজ্ঞেস করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাওয়ার জন্য আমি যে বাইকের সাহায্য নিয়েছি, তার কাছে কোনও বাড়তি হেলমেট ছিল না।’
জুনাইদ আহমেদ পলক বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত থাকেন। সোমবার (৭ জানুয়ারি) তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বঙ্গভবনে শপথ গ্রহণ করলাম। সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমার প্রিয় সিংড়াবাসী, আমার দলের সকল পর্যায়ের সকল নেতাকর্মী ভাইবোনসহ আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে আমি কৃতজ্ঞ।’
এদিকে, শিক্ষামন্ত্রী দীপুমনির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে তিনি ঘর ঝাড়ু দিচ্ছেন। পোস্টটি দিয়েছেন মঈন উদ্দিন আহমেদ নামে একজন। প্রথমে তিনি দাবি করেন—এটি মন্ত্রণালয়ের ছবি। কিন্তু পরবর্তীতে এটি পুরনো ছবি হিসেবে চিহ্নিত করেন পোস্টে মন্তব্যকারী অন্যরা।
ছবিটি বাসার নাকি অন্য কোনও জায়গার এ বিষয়ে জানতে চাইলে দীপু মনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ আমার চাঁপুরের বাসার ছবি। নির্বাচনের মাসখানেক আগের। ঘর ঝাড়ু দেবার ছাবিটি তো? আমার কাজ বেশির ভাগ আমি তো নিজেই করে অভ্যস্থ ভাই। কী কারণে এ ছবি নিয়ে এত কথা?’
উল্লেখ্য, এর আগে সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম পাবলিক বাসে করে বাসায় ফিরে আলোড়ন তৈরি করেছিলেন।