তৃণমূলের মানুষের জন্য কাজ করবো: মৎস্য প্রতিমন্ত্রী

 

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমাঠের সাধারণ মানুষ হিসেবে তৃণমূলের মানুষের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নেত্রী কাজ করার সুযোগ দিয়েছেন, এই বিষয়টি মাথায় রেখেই কাজ করবো। মাঠের সাধারণ মানুষ হিসেবে তৃণমূলের মানুষের জন্য কাজ করবো।’

মন্ত্রণালয় নিয়ে ব্যক্তিগত প্ল্যানের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নিজস্ব ধারাবাহিকতা ও প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করবো।’

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জলমহাল ইজারা দেওয়ার বিষয়ে যাতে কোনও অনিয়ম না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো।’

গত সোমবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। পরে মঙ্গলবার (৮ জানুয়ারি) মন্ত্রিসভার সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বুধবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান।