‘রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের সম্মেলন ২৪ ও ২৫ জানুয়ারি’

ডা. মো. এনামুর রহমান (ছবি: সংগৃহীত)আগামী ২৪ ও ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) ঢাকায় রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ (আরসিজি) এর দুই দিনব্যাপী চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন বলেও জানান তিনি। বুধবার (২৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের সচিবালয় দফতরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘এই সম্মেলনে দুর্যোগ মোকাবিলায় আন্তঃদেশীয় সিভিল মিলিটারি সমন্বয় জোরদার, সিভিল মিলিটারি জনবল সমন্বয় কর্যক্রম জোরদার, পরিকল্পনা তৈরি, দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করা হবে।’

প্রতিমন্ত্রী আরও জানান, সম্মেলনে এশিয়া প্যানপ্যাসিফিক অঞ্চলের ২৬টি দেশ এবং ২৪টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার ১২০ জন প্রতিনিধি অংশ নেবেন। এই সম্মেলনের ফলে ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবিলার বিষয়ে বাংলাদেশের দক্ষতা বাড়বে। তিনি বলেন, ‘বাংলাদেশ যেকোনও ধরনের দুর্যোগ মোকাবিলায় যে সক্ষম, তা ইতোমধ্যেই প্রমাণিত।’

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।