‘নগর উন্নয়নে ১০০-২০০ বছরের মাস্টারপ্ল্যান করতে হবে’

আধুনিক নাগরিক সেবা ও করণীয় শীর্ষক মতবিনিময়নাগরিক সমস্যা সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ‘নগর উন্নয়নে ৫ বছরের জন্য পরিকল্পনা করলে হবে না। এজন্য ১০০ থেকে ২০০ বছরের জন্য মাস্টারপ্ল্যান করতে হবে।’

রবিবার (২৭ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভাকক্ষে 'আধুনিক নাগরিক সেবা ও করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘ব্যাপক পরিবর্তন হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। তবে এ পরিবর্তনকে আরও বেগবান করতে হবে। সুদূরপ্রসারী কোনও মাস্টারপ্ল্যান না থাকা ঢাকার প্রধান সমস্যা। তবে এ নিয়ে ভেঙে পড়লে চলবে না। সমস্যা বিবেচনায় রেখে সমাধান করতে হবে। আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্থানীয় সরকারের সমন্বয় করে কাজ করতে চাই।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমরা একসঙ্গে চলতে এবং কাজ করতে চাই। যেমন, মশা নিধন, রাস্তা সংস্কার, খোঁড়াখুঁড়ি- এগুলো দুই সিটি করপোরেশন এবং সেবা সংস্থাগুলোকে একসঙ্গে করতে হবে। ঘিঞ্জি ঢাকার তাৎক্ষণিক কোনও সমাধান নেই। আমি যদি বলি তাৎক্ষণিক সমাধান আছে তাহলে তা হবে ড্রামাটিক্যাল কথা।’

কাউন্সিলরদের তুলে ধরা সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, হকার সমস্যা সমাধানে আপনারা একসঙ্গে বসুন, আলোচনা করুন। আমাকে জানান আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এ সময় সুয়ারেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ওয়াসার এমডিকে নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল বন্ধে একে নিয়মিত ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে, যেখানে কাউন্সিলররাও সম্পৃক্ত থাকতে পারেন। এ সময় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সচিব এস এম গোলাম ফারুক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান, স্থপতি মোবাশ্বের হোসেন, রফিক আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব শাহাবুদ্দিন খান প্রমুখ।