দুর্নীতি রোধে কর্মকর্তাদের নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে: ইমরান আহমদ

বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদদুর্নীতি রোধে কর্মকর্তাদের নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।

রবিবার (২৭ জানুয়ারি) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কনফারেন্স রুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বিএমইটির কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় তিনি এই পরামর্শ দেন।
এর আগে কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট প্রদান করেন।
এসময় ইমরান আহমদ বলেন, ‘দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আর দুর্নীতি দূর হলেই সুশাসন নিজে থেকে চলে আসবে। আপনাদের নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে জনকল্যাণের মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘চাহিদাভিত্তিক বৈশ্বিক কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। জনশক্তির বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে হলে ট্রেনিং বাড়াতে হবে। আর ভাষা শিক্ষাকে প্রাধান্য দিয়ে প্রশিক্ষণের মান বাড়াতে হবে।’

এসময় প্রশিক্ষণ মডিউল প্রস্তুত রাখার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি সৃষ্টিই বর্তমান সরকারের মূল লক্ষ্য।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন— বিএমইটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা, বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন, বিএমইটির উপপরিচালক রেজওয়ানুল হক চৌধুরী প্রমুখ।