দুই অংশের অধীনে চার দিনে বিশ্ব ইজতেমা: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ (ফাইল ছবি)

এবার চার দিনব্যাপী ঐক্যবদ্ধভাবে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার জন্য ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস কক্ষে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানান তিনি।

জানা যায়, বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তাবলীগের মুরব্বি মাওলানা মো. যুবায়েরের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং পরবর্তী দুই দিন অর্থাৎ ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালিত হবে জনাব সৈয়দ ওয়াসিফুল ইসলামের তত্ত্বাবধানে।

এর আগে বিকাল ৪টায় ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে তার অফিস কক্ষে বাংলাদেশে দাওয়াতে তাবলীগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত তাবলীগ জামাতের মুরুব্বিদের পরামর্শ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ আরও জানান, ‘সভার সিদ্ধান্ত অনুসারে, এ বছরের বিশ্ব ইজতেমা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কেউ কারও বিরুদ্ধে উস্কানি বা নিন্দামূলক কোনও বক্তব্য ও বিবৃতি প্রদান করবেন না। দাওয়াতে তাবলীগের ঐতিহ্য অনুসরণ করে ইসলামের খেদমতে সবাই মিলে কাজ করবেন।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এটি বিশ্ব ইজতেমা, এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেহমানগণ ইজতেমায় অংশগ্রহণ করবেন, এ বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’ দাওয়াতে তাবলীগের সব পর্যায়ের সাথী, দেশবাসী, মিডিয়াসহ সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন দাওয়াতে তাবলীগের মুরব্বি মাওলানা মো. যুবায়ের, জনাব সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা মো. মোশাররফ হোসেন, ধর্ম সচিব জনাব মো. আনিছুর রহমান এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) জনাব আবু বকর ছিদ্দীকসহ আরও অনেকে।