জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৮টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়া ছয় সিনিয়র মন্ত্রী সংসদীয় কমিটির দায়িত্ব পেয়েছেন। তারা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, বেগম মতিয়া চৌধুরী, মোহম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া দশম সংসদে সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে থাকা শেখ ফজলুল করিম সেলিম ও মো. ফারুক খান একাদশে সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন।
বুধবার (৬ ফেব্রুয়ারি) ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটিগুলো প্রস্তাব করলে কণ্ঠ ভোটে তা গঠন হয়। এ নিয়ে গত চার দিনে মোট ১৮টি কমিটি গঠিত হলো।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি: সাবেক পরাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন- আ হ ম মোস্তফা কামাল, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, নাজমুল হাসান, কাজী নাবিল আহমেদ, আহমদ ফিরোজ কবীর, সেলিমা আহমদ ও রানা মোহাম্মদ সোহেল।
শিল্প মন্ত্রণালয়: এ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী মন্ত্রী আমির হোসেন আমু শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন। অন্য সদস্যরা হলেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এ কে এম ফজলুল হক, হাবিবুর রহমান মোল্লা, শামীম ওসমান, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন, মো. সহিদুজ্জামান ও কাজিম উদ্দিন আহম্মেদ।
বাণিজ্য মন্ত্রণালয়: সদ্য বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ একাদশ সংসদে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আ ক ম বাহাউদ্দিন, মাহমুদ-উস সামাদ চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, হাসান ইমাম, তাহজীব আলম সিদ্দিকী, সেলিম আলতাফ জজ ও লিয়াকত হোসেন খোকা।
স্বাস্থ্য মন্ত্রণালয়: দশম সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম একাদশেও দায়িত্ব পেয়েছেন। এছাড়া এ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, একরামুল করিম চৌধুরী ও ইউনূস আলী সরকার।
খাদ্য মন্ত্রণালয়: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম পেয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতির দায়িত্ব। তিনি ছাড়াও এই কমিটির সদস্যরা হলেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হাজী মো. সেলিম, আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আব্দুল হাই, আয়েন উদ্দিন ও আতাউর রহমান খান।
কৃষি মন্ত্রণালয়: নবম ও দশমে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বেগম মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন। এছাড়া কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রামানিক, মোসলেম উদ্দিন, ওমর ফারুক চৌধুরী, আব্দুল মান্নান, মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান ও জয়া সেনগুপ্তা এ কমিটির সভাপতি হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়: দশম সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে থাকা মো. ফারুন খান একাদশে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। তিনি দশমে এই কমিটির সদস্য ছিলেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আবদুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ ও নিজাম উদ্দিন জলিল জন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়: বিদায়ী সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন- স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, মশিউর রহমান রাঙ্গা, শেখ আফিল উদ্দিন, রেবেকা মোমিন, রাজী মো. ফখরুল, শাহে আলম, সানোয়ার হোসেন ও আবদুস সালাম মুর্শেদী।