যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় শহীদ মিনারে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘দিবসটি উপলক্ষে নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব দায়িত্ব পালন করবে। স্ট্যান্ডবাই থাকবে বিজিবি ও আনসার। প্রয়োজনে তাদেরও মুভ করানো হবে।’
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দিবসটি উপলক্ষে শহীদ মিনার এলাকা ভাসমান দোকান ও হকারমুক্ত থাকবে। এদিন ঢাকা শহরে চলাচলের জন্য একটি রোডম্যাপ তৈরি করবে সরকার। সেটি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’ এছাড়া, পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানান তিনি।
আসাদুজ্জামান খান বলেন, ‘আগামী ১০ ফেব্রুয়ারি ঢাবির জগন্নাথ হল ক্যাম্পাসে সরস্বতী পূজা পালন করা হবে। দিবসটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুরোধে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশও সেখানে উপস্থিত থাকবে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরই বিদেশি কূটনীতিক ও অতিথিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন। বরাবরের মতো এবারও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।’
এছাড়া, শহীদ মিনার এলাকায় পর্যাপ্ত খাবার পানি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘শুধু ঢাকা শহরই নয়, পুরো দেশজুড়ে সাধারণ মানুষ যেন শান্তিতে দিবসটি পালন করতে পারে, সেজন্য সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।