প্রধানমন্ত্রী শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়িয়েছেন: খালিদ মাহমুদ চৌধুরী

খালিদ মাহমুদ চৌধুরী (ফাইল ছবি)

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শিক্ষকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়িয়েছেন। শিক্ষকদের আস্থা ও ভরসার স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর শিক্ষকেরা মর্যাদা পাননি। ৭৫ পরবর্তী সরকারগুলো সবক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে শিক্ষকদের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু ৩৭ হাজার এবং ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অসাধারণ অবদান রেখেছেন।’ তিনি আশা প্রকাশ করেন, ‘জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারাদেশের শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করবেন।’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘শিক্ষক সমাজসহ দেশ ও জাতি গঠনে কাজ  করে যাবো। শিক্ষকদের ন্যায় দাবি পূরণে সচেষ্ট থাকবো।’

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম।