নতুন ৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি- অনলাইন থেকে সংগৃহীত)

নতুন তিন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ডিপিপি অনুমোদন সম্পন্ন করারও পরামর্শ দেন। একইসঙ্গে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে দেশের চার মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে চিকিৎসা শিক্ষার মান উর্ধ্বে রাখতে হলে নতুন তিন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুত চালু করা দরকার। তিনি উচ্চতর চিকিৎসা শিক্ষায় গবেষণা কাজকে গুরুত্ব সহকারে সম্পৃক্ত করার জন্য সব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানান।

সভায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ, নির্মাণ, শিক্ষা কার্যক্রমসহ অন্য কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে উপচার্যরা স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণ সম্পন্ন করে অস্থায়ী ভিত্তিতে দাফতরিক কার্যক্রমের পাশাপাশি একাডেমিক কাজও শুরু করেছে বলে সভায় জানানো হয়। সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আলমসহ মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।