ইপিজেড শ্রম বিল সংসদে পাস

সংসদ অধিবেশন (ফাইল ছবি)রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) কারখানাগুলোতে ট্রেড ইউনিয়নের আদলে ‘শ্রমিক কল্যাণ সমিতি’ গঠনে শ্রমিকদের সমর্থনের হার শিথিল করতে সংসদে আইন পাস হয়েছে। এতে শ্রমিক কল্যাণ সমিতি গঠনে শ্রমিক সমর্থনের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার বিধান করা হয়েছে।

সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বুধবার (২৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৯’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি হয়।

গত ১১ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন মন্ত্রী মোজাম্মেল হক। পরে বিলটি ১৫ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে ডিসেম্বর মাসে বিলটিতে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে এটি অধ্যাদেশ আকারে জারি করা হয়। সেই অধ্যাদেশটি আইন করতে সংসদে বিল তোলা হলো।

শ্রমিক কল্যাণ সমিতি গঠনের জন্য আগে ৩০ শতাংশ শ্রমিকের সমর্থন লাগতো, প্রস্তাবিত আইনে সেটা ২০ শতাংশ করা হচ্ছে।

বিলে প্রস্তাবিত আইনে শ্রমিকদের ধর্মঘট করার ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সমর্থনের বিধান রাখা হয়েছে। আগের আইনে সেটা তিন-চতুর্থাংশ ছিল।

শ্রমিক, নিয়োগ, মালিক-শ্রমিক সম্পর্ক, সর্বনিম্ন মজুরি হার নির্ধারণ, মজুরি পরিশোধ, দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের জখমের জন্য ক্ষতিপূরণ, শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিধান করতে আইনটি প্রণয়ন করা হচ্ছে।

শ্রম আইনের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিক কল্যাণ সমিতির গঠনতন্ত্র শ্রমিকরা নিজেরা করতে পারবেন, সেই বিধান রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, অবসর গ্রহণের ক্ষেত্রে শ্রমিকরা প্রত্যেক বছরের জন্য ৪৫ দিনের মূল মজুরি পাবেন।

বিলে মালিক সমিতি গঠন করার বিধান রাখা হয়েছে। বলা হয়েছে, কোনও জোনে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলোর সংখ্যাগরিষ্ঠ মালিকরা সম্মত হয়ে মালিক সমিতি গঠন করতে পারবে।

কোনও ব্যক্তি এই আইনের অধীনে দাখিল করা কোনও আবেদনপত্র বা অন্য কোনও দলিলে মিথ্যা বিবৃতি দিলে জেল-জরিমানার সম্মুখীন হবেন। ওই ব্যক্তি মালিক হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে। আর শ্রমিক হলে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন।

বিলে বলা হয়েছে, কোনেও শ্রমিক আইন না মেনে ধর্মঘট বা লক-আউট করলে ৫ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড হবে।

ইপিজেড এলাকায় ১১ সদস্যের মজুরি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সরকার নিযুক্ত হবেন।

বোর্ডে ইপিজেড কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তৃপক্ষ, অর্থ বিভাগের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, মালিক-শ্রমিক প্রতিনিধি রাখা হয়েছে।

বোর্ডে মালিক বা শ্রমিক পক্ষ প্রতিনিধি না দিলে বোর্ড নিজ বিবেচনায় প্রতিনিধি মনোনীত করবে।