ওবায়দুল কাদেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে তার শারীরিক অবস্থা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা চলছে।
তবে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে এই বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।’
হাসপাতালে আওয়ামীলীগের শীর্ষ নেতারাবিএসএমএমইউ'র কার্ডলিওজির চেয়ারম্যান সৈয়দ আলী আহসান বলেন, ‘এনজিওগ্রাম করা হয়েছে। এরই মধ্যে তিনটি ব্লক ধরা পড়েছে, একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়েও এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।’
বিএসএমএমইউ’র সহকারী পরিচালক ডা. নাজমুল আহসান বলেন, ‘তার কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল। তার হার্টে একটা রিং পরানো হয়েছে। এখন তিনি অবজারভেশনে আছেন।’
তিনি জানান, তার চিকিৎসা সংক্রান্ত একটি বোর্ড গঠন হয়েছে। পাঁচ সদ্যসের বোর্ড মিটিং এখন চলছে।
হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরই মধ্যে ওবায়দুল কাদেরের হার্টে একটি রিং পরানো হয়েছে।’
হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘মেডিক্যাল ইস্যুতে ডাক্তারই বলবেন। আমাদের দলের পক্ষ থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করছি। আশা করছি তাকে সহসা সিঙ্গাপুর নিয়ে যেতে পারবো।’ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে সেখানে দেখতে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এবং আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়াসহ বিপুল পরিমাণ নেতাকর্মী। এসময় আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা অন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা হাসপাতালে ভিড় না করেন।
আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একটি সূত্র জানায়, দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
এর আগে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, রবিবার (৩ মার্চ) সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
আরও পড়ুন:
অসুস্থ হয়ে হাসপাতালে ওবায়দুল কাদের