স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি রাষ্ট্রদূতদের সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাতায়াতে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া ডিপ্লোম্যাটদের ঢাকার গুলশান থেকে সাভার স্মৃতিসৌধে আনা-নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।’
তিনি আরও বলেন, ‘কূটনীতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এবং কেপিআইসমূহে বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। সর্বোপরি ২৫ ও ২৬ মার্চ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ’
তিনি আরও বলেন, ‘নিরাপত্তার প্রয়োজনেই ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়কে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজের নিচে এবং আশপাশের নদীতে নৌ-পুলিশ মোতায়েন থাকবে। ঢাকা থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনও তোরণ নির্মাণ করা যাবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু-কিশোরদের সমাবেশের প্রবেশ ও বাহির পথে আর্চওয়ে স্থাপন করা হবে এবং আগতদের শরীর ও ব্যাগ তল্লাশি করা হবে। ’
এছাড়া ২৬ মার্চ দেশের সব হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা ও সেবা বিভাগের সচিব, পুলিশের আইজি, আনসারের ডিজি, ডিএমপি কমিশনার, বিজিবি, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।