বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত সারসংক্ষেপে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ভবিষ্যতে বাংলাদেশে নির্মিতব্য সব পারমাণবিক স্থাপনার জন্য অত্যবশ্যকীয় লাইসেন্স ইস্যু করাসহ অন্যান্য রেগুলেটরি বিষয় মনিটর করার লক্ষ্যে ২০১৩ সালে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও বাংলাদেশের সব সরকারি, বেসরকারি ও পারিবারিক চিকিৎসা স্থাপনা এবং অন্যান্য প্রতিষ্ঠানের তেজস্ক্রিয় বিকিরণ ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতির নিয়ন্ত্রণমূলক লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণের কাজ করে থাকে প্রতিষ্ঠানটি। তাই ভবিষ্যতে এই কর্তৃপক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৩০ ক্যাটাগরিতে ৮৭টি পদের খসড়া নিয়োগবিধি অনুমোদন প্রয়োজন। সেজন্যে বিষয়টি সচিব কমিটিতে পাঠানো হয়।
সারসংক্ষেপে আরও বলা হয়, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্বিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে অস্থায়ীভাবে রাজস্বখাতে প্রথম পর্যায়ে ৫ ক্যাটাগরির ১২টি, দ্বিতীয় পর্যায়ে তিন ক্যাটাগরির ১৫টি এবং তৃতীয় পর্যায়ে দুই ধাপে ৩১ ক্যাটাগরির ৮১টিসহ মোট ৩৯ ক্যাটাগরির ১০৮টি পদ সৃষ্টি করা হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদ একটি, সদস্য পদ চারটি, অর্থ উপদেষ্টা পদ একটি এবং সচিব পদ একটিসহ মোট চার ক্যাটাগরির সাতটি পদ সরকার নিয়োগ দিয়ে থাকে। এছাড়া আগে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার ও জেনারেল এটেনডেন্টের চার ক্যাটাগরির ১৫টি পদের নিয়োগবিধি প্রণয়ন করা হয়েছে। এবারও প্রতিষ্ঠানটি সুষ্ঠু পরিচালনা ও কার্যকর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংস্থার অনুকূলে তৃতীয় পর্যায়ে সৃজন করা ৩১ ক্যাটাগরির ৮১টি পদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ক্যাটাগরির একটি পদ বিদ্যমান বিধিতে অন্তর্ভুক্ত আছে। দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি করা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার ক্যাটাগরির সাতটি পদ, তৃতীয় পর্যায়ে সৃষ্টি করা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্যাটাগরির দুটি পদের সঙ্গে যুক্ত করে ৩০ ক্যাটাগরির ৮৭টি পদের নিয়োগবিধি জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশ করেছে। তাদের সুপারিশ অনুযায়ী নিয়োগবিধিটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হয়।